কলম টিভি ডেক্সঃ
জগদ্বিখ্যাত মুসলিম দার্শনিক, এ দেশে মুসলমান দ্বারা প্রকাশিত প্রথম পত্রিকা
দৈনিক হাবলুল মতিন সম্পাদক, চট্টগ্রাম কদম মোবারক মুসলিম এতিমখানার
প্রতিষ্ঠাতা ও দেয়াঙ পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম
ইতিহাস চর্চা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভা ২২ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উন্নয়ন ও সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর। বক্তব্য রাখেন ইসলামাবাদী গবেষণা পরিষদের সাবেক সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও প্রাবন্ধিক জামালুদ্দিন, লেখক গবেষক মোহাম্মদ আবদুর রহিম, সিরাজুল ইসলাম চৌধুরী, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. ওমর ফারুক প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, দেয়াঙ পাহাড়ে ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। দেয়াঙ পাহাড়ে ইসলামাবাদীর এক হাজার একরের অধিক লিজ নেওয়া ও দানকৃত সম্পত্তি রয়েছে। এই ভূসম্পত্তির উপর তিনি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রথম প্রকল্প চালুও করেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, ইসলামাবাদীর মৃত্যুর পর জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আর
সামনের দিকে এগিয়ে যায়নি। বক্তারা আরো বলেছেন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেক্ষেত্রে দেয়াঙ পাহাড়ে ইসলামাবাদীর জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নবপ্রজন্মকে আলোকিত জীবন দানে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান রইল। একজন জাতীয় বীরকে মর্যাদা প্রদানের মাধ্যমে দেশে দেশপ্রেমিক ও দেশপ্রেমের প্রতি বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করা হোক। ২২ আগস্ট সকালে কদম মোবারকস্থ মনিরুজ্জামান ইসলামাবাদীর কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।







Discussion about this post