ইউকেতে এই লেখাটি পোস্টের আগের মিনিটের হিসাব অনুযায়ী 40 হাজার 542 জন মানুষ মৃত্যুবরণ করেছে। প্রতি মিনিটে যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যা।
আমি কখনো সোশ্যাল মিডিয়ায় মৃতের সংখ্যা আপনাদের বলিনি। কখনো কোন লেখায় হায়-হুতাশ করিনি।
মানসিকভাবেও আমি মোটেই চিন্তিত নই। লেখালেখি, গান, কবিতা নিয়ে হইচই করি। সাহিত্য, সমাজ ও পরিবারকে প্রচুর সময় দিচ্ছি। সৃষ্টি, স্রষ্টা এবং পরিবারের সাথে নিবিড় সম্পর্ক, নতুন করে ভালোবাসার সৃষ্টি হয়েছে যেন।
নিরব নিস্তব্ধ মৃতপুরী ইংল্যান্ড। জানালা খুলে বাইরে তাকালে দেখা যায় এম্বুলেন্স, লাশ, কান্না, হতাশা, গুমোট মেঘ। কতক্ষন এভাবে ঘরে বসে থাকা যায়? প্রকৃতিগতভাবেও আমি ঘরকুনো নই। আমি বেরিয়ে যাই উঠোনে, পার্কে, নদীর ধারে, সাইকেল নিয়ে, ফুটবল নিয়ে।
ইংল্যান্ডে এখন বসন্তকাল। অথচ সূর্যও যেন রাগ করেছে, অভিমান করেছে প্রকৃতির উপর। আলো নেই, তাপ নেই। পরশুদিন দেখলাম বিনা নোটিশে তুষারপাত। গতকাল থেকে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি! বাড়ির পিছনে বৃক্ষ-শাখার পাখিগুলো যেন উড়তে পারছিল না স্বাধীনভাবে, ফুলগুলিও মাথা নিচু করে আছে, হয়তো অপেক্ষায় আছে ঝরে যাবার!
আমার প্রিয় বাংলাদেশের কথা খুব বেশি করে মনে পড়ছে।
বাংলাদেশই যে আমার ঠিকানা! যেখানে মা- বাবা ঘুমিয়ে আছেন। জেগে আছে লক্ষ লক্ষ ভাই, বন্ধু, ভক্ত, আত্মীয়-স্বজন, গাছপালা, লতাপাতা, ফুল, ও পাখি।
লেখাটিকে আর কত দীর্ঘ করলে আপনাকে আসল কথা বলা হবে?
ভালো থেকো পৃথিবী, ভালো থেকো আমার বাংলাদেশ, ভালো থেকো সৃষ্টি।
Discussion about this post