শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই দেশজুড়ে প্রবাসী মুসলমানদের মধ্যে দেখা গেছে আনন্দ ও উচ্ছ্বাসের অনন্য দৃশ্য।
ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে দিনের সূচনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বছর ঈদের জামাত মসজিদের ভেতরেই অনুষ্ঠিত হয়; খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে নামাজ আদায়ের সুযোগ ছিল না। তবুও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে ইবাদতে অংশ নেন হাজারো মুসল্লি।
নামাজ শেষে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পরিবার-পরিজন নিয়ে মিলিত হন আনন্দ ভাগাভাগিতে। কোলাকুলি, কুশল বিনিময়, আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসার বন্ধনে মুখর হয়ে ওঠে চারপাশ। দেশের বাইরে অবস্থান করলেও উৎসবের আমেজ ধরে রাখতে সাধ্যমতো চেষ্টা করেন সবাই।
যদিও দেশের মতো পূর্ণাঙ্গ ঈদের পরিবেশ এখানে পাওয়া যায় না, তবুও প্রবাস জীবনের সীমাবদ্ধতার মাঝেও আনন্দে কোনো ঘাটতি রাখেন না প্রবাসীরা। খাওয়া-দাওয়া, বন্ধু-বান্ধবের সঙ্গে আড্ডা এবং বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
একইসঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহারে দূরত্বও যেন কমে আসে—মোবাইল ফোনে ভিডিও কল বা বার্তার মাধ্যমে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনেকেই। এতে প্রবাসের একাকীত্ব কিছুটা হলেও লাঘব হয়।
দুপুরের পর কিছুটা বিশ্রাম নিয়ে বিকেল থেকেই শুরু হয় ঘোরাঘুরি। পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকে ভিড় জমান বিভিন্ন দর্শনীয় স্থান, পার্ক কিংবা শপিংমলে। ফলে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে আমিরাতজুড়ে।
সবমিলিয়ে, প্রবাস জীবনের ব্যস্ততা ও দূরত্বকে পেছনে ফেলে ভিন্ন আবহে হলেও আনন্দ, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।







Discussion about this post