বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল মঙ্গলবারের চেয়ে আজ বুধবার ১৯ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ১৭১ জন। গতকালও সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।
দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে। এখন এ ভাইরাসে শনাক্ত ৭৪ হাজার ৮৬৫ জন রোগী রয়েছে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫,৯৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। গতকাল মারা গেছেন ৪৫ জন। গতকাল সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। এনিয়ে মোট মারা গেছেন ১,০১২ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Discussion about this post