নিউজ ডেস্ক : গাজায় ফিরতে মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস চালু করেছে আলহাজ্ব শামসুল হক (আশ) ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় শুরু হতে যাওয়া এই সেবা বাস্তুচ্যুত গাজাবাসীদের নিজ ভূমিতে ফিরতে সহায়তা করবে।
বর্তমানে মিশরে প্রায় ১ লাখ ৭০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। যুদ্ধবিরতির ঘোষণার পর নিজ জন্মভূমিতে ফিরতে তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ প্রেক্ষাপটে কায়রোভিত্তিক একটি স্থানীয় বাস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে আশ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনটির পক্ষ থেকে প্রাথমিকভাবে ১০টি বাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ এই যাত্রাপথে যাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও থাকবে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। কায়রো থেকে গাজায় ফিরতে আগ্রহী ফিলিস্তিনিরা পোস্টের কমেন্টে উল্লিখিত লিংকের মাধ্যমে তথ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। লিংকটি হল:
https://ashfoundation.ngo/en/return/
তিনি আরও বলেন, সরকারি অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যাত্রার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। বিনামূল্যে এই যাত্রাসেবা ফিলিস্তিনিদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।







Discussion about this post