শাহেদ সরওয়ার, আমিরাত প্রতিনিধি : মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মজীবন শুরু, আজ সফল উদ্যোক্তা—পুরস্কার হিসেবে পেলেন ৫০ হাজার দিরহাম ও ২৪ ক্যারেট সোনার কয়েন। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় আয়োজিত ২০২৬ সালের ‘লেবার মার্কেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ওয়াহিদ মিয়া। তিনি আবুধাবিভিত্তিক ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তাঁর এ অর্জন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন ইউএই প্রেসিডেন্সিয়াল কোর্টের ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পুরস্কার হিসেবে ওয়াহিদ মিয়া পেয়েছেন ৫০ হাজার দিরহাম নগদ অর্থ, ২৪ ক্যারেটের একটি স্বর্ণমুদ্রা এবং সম্মাননা ট্রফি। এ পুরস্কার ছিল লেবার মার্কেট অ্যাওয়ার্ডের চতুর্থ আয়োজন।
জানা যায়, প্রায় ২১ বছর আগে বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান ওয়াহিদ মিয়া। মাত্র ৭০০ দিরহাম মাসিক বেতনে ইলেকট্রিশিয়ান হিসেবে তাঁর প্রবাসজীবনের কর্মযাত্রা শুরু হয়। সীমিত সামর্থ্য, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন তিনি। একসময় চাকরিজীবী থেকে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৩০ জন কর্মী কাজ করছেন।
ইউএই মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত লেবার মার্কেট অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর সফল উদ্যোগ ও অবদানকে স্বীকৃতি দেওয়া, দক্ষ ও সফল উদ্যোক্তা এবং কর্মীদের সম্মানিত করা এবং দেশের শ্রমবাজারে ইতিবাচক ও অনুসরণযোগ্য চর্চাগুলোকে উৎসাহিত করা।
ওয়াহিদ মিয়ার এ অর্জন শুধু একজন ব্যক্তির সাফল্য নয়, বরং প্রবাসে বাংলাদেশিদের সম্ভাবনা, দক্ষতা, মেধা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মাত্র ৭০০ দিরহাম বেতনে কর্মজীবন শুরু করে আজ আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি অর্জনের এ গল্প প্রমাণ করে, সঠিক লক্ষ্য, সততা, ধৈর্য ও নিরলস পরিশ্রম থাকলে প্রবাসের মাটিতেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব। তাঁর এ সম্মাননা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য নিঃসন্দেহে আনন্দ ও গৌরবের।






Discussion about this post