আমিরাত বিশেষ প্রতিনিধি :
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি ওসমান গনি আলমগীর তাঁর ব্যক্তিগত গাড়িচালক মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ তুলে দ্রুত তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ওসমান গনি আলমগীর জানান, ঈদুল আজহার ছুটিতে দেশে অবস্থানকালে ঈদের পরদিন তিনি পারিবারিক গাড়িতে ফটিকছড়ির বাড়ি থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার এবং মূল্যবান নথিপত্র নিয়ে চালক মোহাম্মদ মাসুদ কৌশলে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাসুদ ও তার পরিবারের কোনো সন্ধান না পেয়ে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে ওসমান গনি আলমগীর বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দেশে এসে অনেক সময় নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। তিনি এ ঘটনায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও ঘোষণা দেন, মোহাম্মদ মাসুদের সন্ধান বা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে কার্যকর তথ্য প্রদানকারীকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত মোহাম্মদ মাসুদের পিতার নাম আলী আহাম্মদ এবং মাতার নাম সাজু বেগম। তাঁর বর্তমান ঠিকানা দক্ষিণ খুলশীর হাসান টাওয়ার, পোর্ট সিটি ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা এবং স্থায়ী ঠিকানা ফটিকছড়ি উপজেলার লেলাং, ডাকঘর সন্ন্যাসীর হাট।
এ বিষয়ে কোনো তথ্য থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ওসমান গনি আলমগীর: ☎ 01817-776874, ☎ 01888-234208, ☎ 01822-732715
সংবাদ সম্মেলনে তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজার ও অ্যাকাউন্ট্যান্ট উপস্থিত ছিলেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দ্রুত সন্ধান এবং আইন অনুযায়ী যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান।






Discussion about this post