রাহাত মামুন,
রাঙামাটির কাউখালীতে পোয়াপাড়া বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে ৪ জন আহত হয়েছেন। ফলে বন্ধ রয়েছে কাউখালী নাইলাছড়ি–সুগারমিল সড়ক যোগাযোগ।
আহতরা হলেন জামাল হোসেন (ড্রাইভার), মো. সোহেল, ইসহাক মিয়া ও বাসু দেব।শুক্রবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টায় কাউখালী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেইলি ব্রিজটি ধসের কারণে কাউখালি–নাইল্যাছড়ি সুগারমিল সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ব্রিজের উপর দিয়ে কলমপতি ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি নানা কৃষিজ পণ্য বাজারে আসে। অন্যদিকে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবার কারণে সাপ্তাহিক হাটসহ জনজীবনে বিশাল প্রভাব পড়বে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নবনির্মিত কাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহিন এন্টারপ্রাইজ পতেঙ্গা থেকে পাথরবোঝাই ট্রাকটি বেইলি ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ভেঙে যায়। এ সময় ট্রাকটি খালে পড়ে চালকসহ ৪ জন আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ট্রাকের মধ্যে আটকে পড়াদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।
এই বিষয়ে রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আরেফিন সিকদার জানান, সড়ক বিভাগের প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন করে পরবর্তী কাজের উদ্যোগ নেয়া হবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন আরা সুলতানা জানান, কাউখালীতে বেইলি ব্রিজ ধসে পড়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হচ্ছে।







Discussion about this post