বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে খাল পার হওয়ার সময় মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে স্থানীয় একটি লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো পাহাড়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন হৃদয়। পথে ভাণ্ডালজুড়ি খালের লেবু বাগিচা এলাকায় খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. ইছহাক বলেন, পাহাড়ি ঢলের কারণে খালে প্রচণ্ড স্রোত ছিল। ওই অবস্থায় খাল পার হতে গিয়ে হৃদয় পানির তোড়ে ভেসে নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, খবর পাওয়ার পরপরই নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।






Discussion about this post