আজ দেশের ৫৯টি ল্যাবে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করা হয়েছে, যাতে তিন হাজার ৪৭১ জনকে শনাক্ত করা হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের, যাদের মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন রয়েছেন। করোনা পরীক্ষায় নতুন সংযুক্ত হয়েছে চট্টগ্রামের দুটি ও ঢাকার একটি ল্যাব।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নতুন সংযুক্ত ল্যাবের তথ্য প্রকাশ করে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালের ল্যাব এবং ঢাকার ডা. লাল প্যাথল্যাবস এ তালিকায় যুক্ত হয়েছে।
তিনি জানান, সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০টি পরীক্ষা করা সম্ভব হয়েছে দেশের ৫৯টি ল্যাবে।
সবগুলো ল্যাব একত্রে করোনাভাইরাসে আক্রান্ত তিন হাজার ৪৭১ জনকে শনাক্ত করেছে। এ নিয়ে দেশে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে মোট ৮১ হাজার ৫২৩ জনের মধ্যে।
২৪ ঘণ্টায় হাসপাতালে মারা গেছেন ৩২ জন ও বাড়িতে মারা গেছেন ১৪ জন। আজকের মৃত্যু নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো।