রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৭ ।২৪ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃত দু’ব্যক্তির নাম রিদোয়ান আবেদীন জুয়েল (৩০) ও মো. সুফিয়ান (২৬)।তারা দু’জন বন্ধু।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিকুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদেরকে আটক করা হয়।তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দু’জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান, র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।জানা যায়,আটক রিদোয়ান আবেদীন জুয়েল গহিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের পুত্র।
তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে সিকিউরিটি হিসাবে চাকুরী করতেন। তিনি ফেব্রুয়ারীর মাসে বাড়িতে এসে সৌদি আরব যাওয়ার চেষ্টায় ছিলেন।তার সাথে আটক বন্ধু সুফিয়ান একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি ইব্রাহিম হানিফীর পুত্র।
Discussion about this post