শাহেদ সরওয়ার, সংযুক্ত আরব আমিরাত :
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। এর মধ্যে আবুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে শতভাগ এবং রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজে ৮৮.৮৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আবুধাবির শেখ খলিফা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর মোট ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই কৃতকার্য হয়। প্রতিষ্ঠানটির পাসের হার ১০০ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১ জন A, ৩ জন A- এবং ১ জন B গ্রেড অর্জন করেছে।
অন্যদিকে, রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৮.৮৯ শতাংশ। এ ছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৬ জন জিপিএ-৫ অর্জন করেছে।
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের শিক্ষায় এ ফলাফল ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীদের এই সাফল্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের এ সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রবাসে বাংলা শিক্ষার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।






Discussion about this post