নিউজ ডেস্ক :
জুলাই গণঅভ্যুথান পরবর্তী সন্দ্বীপবাসীর জন আকাঙ্খা বাস্তবায়নে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বরাবরে ৬ দফা দাবি পেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক টিম। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ২টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর কার্যালয়ে এসব দাবি পেশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান, ফাহাদ উমর ও মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সংগঠক নাছরিন আক্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল কাইয়ুম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিফুল আলম, ন্যাশনাল ইউন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) শিক্ষার্থী মেহেরাব হোসেন বাঁধন, মুস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আবিদা আলম ইসমা, বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষার্থী আতাহার উল্লাহ প্রমুখ।
সমন্বয়ক টিমের পেশ করা দাবি সমুহ হচ্ছে- গুপ্তচরা-কুমিরা নৌ-রুটে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত স্পিড বোট ভাড়া ১৭০ টাকা আগামী ৭ দিনের মধ্যে কার্যকর করা, সন্দ্বীপে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগী ব্যতিরেকে অন্তত: ৪ টি অ্যাম্বুলেন্স এবং ২টি সী-অ্যাম্বুলেন্স সচল রাখতে আগামী ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, গাছুয়া হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে সাপের অ্যান্টিভেনম সহ জরুরী চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা, সন্দ্বীপে শিক্ষা প্রতিষ্ঠানসমুহে উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষক রাজনীতি এবং শিক্ষা বানিজ্য বন্ধ করা; বিশেষত: যে ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে গড় শিক্ষার্থী ৭১ জন ঐ বিদ্যালয় সমুহে শিক্ষার্থী বাড়াতে উপজেলা শিক্ষা কমিটি, ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহন করা, সন্দ্বীপের কৃষকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভর্তুকি দিয়ে সার ও বীজ সরবাহ করা এবং সন্দ্বীপে বেঁড়িবাঁধ ব্যবস্থাপনাসহ নদী ভাঙ্গন মোকাবিলায় কার্যকরী ব্যবস্থা গ্রহন করা।
প্রসঙ্গত, আজ বেলা ১১ টায় সন্দ্বীপ উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের সাথে ছাত্র-জনতার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাইমুন এর পরিবারের সাথে সাক্ষাত শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিগণ শহীদ সাইমুন এর কবর জিয়ারত করেন।







Discussion about this post