নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালিতে অংশ নিলেন এক হাজার শিক্ষার্থী
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে মাদকাসক্তি, ইভটিজিং, সামাজিক সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার শতবর্ষপ্রাচীন ঐতিহ্যবাহী নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, এটি ছিল বিদ্যালয়ের ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ সচেতনতামূলক র্যালি।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোহাম্মদ খোরশেদ আলম।
নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গহিরা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি এম এ হালিম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, নোয়াপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এসকান্দর, প্রবাসী বিএনপি নেতা শরাফত আলী, পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, সমাজসেবক ইয়ার মোহাম্মদ, আক্তার মালেক, আনোয়ার পাশা ও শওকত আলী।
সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি, ইভটিজিং, সামাজিক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিস্তার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সন্তানদের চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, কন্যাশিশু ও নারী শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে কিশোর-তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করে অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে হবে।
সভায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাই সড়ক হয়ে নোয়াপাড়া ডিগ্রি কলেজ এবং আশপাশের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। প্রায় এক মাইল দীর্ঘ এ র্যালিতে শিক্ষার্থীরা ‘মাদক নয়, মেধাই হোক তরুণদের শক্তি’, ‘কিশোর বয়স অপরাধের নয়, স্বপ্ন গড়ার সময়’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগান তুলে ধরেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি নোয়াপাড়া তথা রাউজানকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।







Discussion about this post